Monsoon evenings | 2015
আকাশ অনেক খেলা দেখিয়েছে আজ। প্রথমে সে ছিল মনমরা, গুমরে ওঠা কান্নার মতো। মাঝে মাঝে তার কান্নার শব্দও পেয়েছি। বিকেল হয়ে এলো, কিন্তু গোঁসা কমানো যায়নি তখনো। কান্না থামিয়ে চুপটি করে বসে আছে, মুখ তার ধুসর। আমরাও মন ভার করে বসেছিলাম তাই – আজকে বোধহয় আর হোলো না! দিনের শেষে রাগ ভাঙলো তার। “ঢের হয়েছে তানা বানা, এবারে ডুবলাম আমি!” বলে সুয্যি যেই না রওনা দিয়েছে বাড়ির দিকে, কান্না ভুলে আকাশ সেই ধুলোটে মুখ মুছে হাসি নিয়ে সামনে এলো, সুয্যি কে ডেকে বলল “দুগগা দুগগা! কালকেই ফিরছো তো?” মাথায় তার সিঁদুর, টুকরো টাকরা কান্না তখনো লেগে রয়েছে তার মুখে, সেই কান্না মেঘ হয়ে তাকে করে তুলেছে আরো সুন্দর। সুয্যি ডোবার বেশ খানিকটা পরে, লালিমার শেষ রেশ টুকু মিলিয়ে যাবার পরে আকাশকে দেখছিলাম একা আমি – আজকে এখন প্রৌড়া সে, কিন্ত রুপ তার এখনো অপরিসীম – রঙ নেই, কিন্তু আছে যেন। আর সেই মেঘ গুলোও লেগে রয়েছে, এদিক, ওদিক!

Comments
Post a Comment